২৮শে জানুয়ারি শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক করার অপরাধে শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে অধিনায়ককে জরিমানা এবং পেসার হারিস রউফকে সতর্ক করা হয়েছে। মূলত আচরণবিধি ভঙ্গের কারণেই এ ধরনের শাস্তি।
বিসিবি এক প্রেস বিবৃতিতে বলেছে, তারা দুজনেই লেভেল 1 কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং পাকিস্তানি পেসার হারিস রউফকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।
নুরুল ও রউফ উভয়েই বিসিবি আচরণবিধির ধারা ২.৮ ভঙ্গ করেছেন। যেখানে বলা হয়েছে, ম্যাচ চলাকালীন আম্পায়ারের কোনো সিদ্ধান্তে কোনো ভিন্নমত প্রকাশ করা যাবে না। এর ফলে সোহানের ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয়েছে ২ ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে তার ডিমেরিট পয়েন্ট ৩। সোহান আরও একটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।
অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও প্রগত রামবুকওয়েলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার আলী আরমান রাজন দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তি দেন। তবে উভয়েই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


0 coment rios: