শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত




প্রচণ্ড তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহজুড়ে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী শনিবার এই ছুটি শেষ হওয়ার কথা।

এদিকে সিলেবাস শেষ করতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে অনলাইনে ক্লাস শুরুর কথা ভাবছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে নাকি আগামী রবিবার থেকে ক্লাস কমিয়ে খোলা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।

যদিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র বলছে, শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক বিদ্যালয়ের মতো ছুটি না বাড়িয়ে অনলাইনে ক্লাস শুরু করার কথা ভাবছে। সেক্ষেত্রে মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রধানরা বৈঠকে সিদ্ধান্ত নেবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিন ছাড়া ১৮০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা। এর মধ্যে তাপপ্রবাহে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। এই ছুটি দীর্ঘায়িত হলে সিলেবাস শেষ করা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এসব কথা চিন্তা করে তাপপ্রবাহ অব্যাহত থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গতকাল বুধবার বলেন, "তাপপ্রবাহের কারণে প্রাথমিক ছুটি আজ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী রোববার থেকে ক্লাস কমানো হবে নাকি ছুটি হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী শুক্রবার এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এদিকে, পাঁচ দিনে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

ঘরে বসেই এসএসসির ফল জানবেন যেভাবে - স্বপ্ন বার্তা

ঘরে বসেই এসএসসির ফল জানবেন যেভাবে - স্বপ্ন বার্তা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুলাই (শুক্রবার) সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতেই ফলাফল প্রকাশের জন্য ওইদিন নির্ধারণ করা হয়।

ঘরে বসেই এসএসসির ফল জানবেন যেভাবে - স্বপ্ন বার্তা

বরাবরের মতো এবারও সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, এসএমএস এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলেছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।  

সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৮ মে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। 

শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা - স্বপ্ন বার্তা

প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা - স্বপ্ন বার্তা

প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা - স্বপ্ন বার্তা


কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নুরুন্নবী নামে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।


প্রধান শিক্ষককে মারধরের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পরে সেখানে উপস্থিত লোকজন আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাত ৮টার দিকে ভুক্তভোগী প্রধান শিক্ষক রৌমারী থানায় আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামানসহ দুইজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।


ভুক্তভোগী নুরুন্নবী উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত রোকনুজ্জামান রোকন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।


প্রধান শিক্ষক নুরুন্নবী অভিযোগ করেন, স্কুলে নিয়োগ নিয়ে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ও আসাদুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি স্কুল অফিস সহকারী আব্দুর রশিদকে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান। অফিসের দ্বিতীয় তলা থেকে উপজেলা চত্বরে নেমে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন প্রধান শিক্ষককে জোরপূর্বক ধরে প্রথমে বাস কাউন্টারে তালা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান।


সেখানে আবু হুরায়রা গল্প বলতে থাকলেন। এ সময় আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক নুরুন্নবীরের গালে দুই হাত দিয়ে চড় ও ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ার থেকে উঠে রোকনকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


পরে উপস্থিত লোকজন আহত নুরুন্নবীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক নুরুন্নবী বাদী হয়ে রোকনসহ দুইজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন।


উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রধান শিক্ষককে মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক আমাকে দালাল বলে ডাকেন। এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে দুবার চড় মারলাম।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, রোকন প্রধান শিক্ষককে আমার কার্যালয়ে নিয়ে আসেন। প্রধান শিক্ষক কথা বলার সময় হঠাৎ রোকন তাকে (প্রধান শিক্ষক) চড় ও ঘুষি মারতে থাকে। রোকন কিছুতেই ঠিক করেনি। সে বড় অন্যায় করেছে। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে জানানো হয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

স্বর্ণপদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী - স্বপ্ন বার্তা

স্বর্ণপদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী - স্বপ্ন বার্তা

স্বর্ণপদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী - স্বপ্ন বার্তা

 রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরোনো ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে এ বছর  স্বর্ণপদক প্রদান করা হবে। আগামী ৩০ জানুয়ারি ১৭ কোটি টাকা ব্যয়ে নবআধুনিকায়িত কাজী নজরুল ইসলাম মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আজ শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।


অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে চারুকলা, প্রকৌশল, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং কলা অনুষদের ৯৬ জনকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’, দর্শন বিভাগের পাঁচজন শিক্ষার্থীকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’, চিকিৎসা অনুষদের দুজন শিক্ষার্থীকে ‘ডা. এ.কে খান স্বর্ণপদক’ প্রদান করা হবে।


তিনি আরও জানান, স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপ-উপাচার্যঅধ্যাপক সুলতান-উল- ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মুরশেদুল কবীর। পুরস্কার প্রদানকালে স্বর্ণপদকপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত থাকবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের দিনই ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

আইইউবিএটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - স্বপ্ন বার্তা

আইইউবিএটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - স্বপ্ন বার্তা

আইইউবিএটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়ানো হয়

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩২ বছরে পা দিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)। এ উপলক্ষে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উত্তরার নিজস্ব ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


সকালে বিপুল আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।


এরপর আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


বিকেলে বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্টার অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরীসহ অন্য অধ্যাপকরা।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানে আরও রয়েছে সেমিনার, ওয়ার্কশপ, ল্যাব প্রদর্শনী, ট্যালেন্ট হান্ট, অ্যালামনাই ডে, খেলাধুলার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে যাত্রা শুরু করে এটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদে ১২টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে। যেখানে দেশের ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।

পাঠ্যবইয়ে হুবহু অনুবাদের দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান - স্বপ্ন বার্তা

পাঠ্যবইয়ে হুবহু অনুবাদের দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান - স্বপ্ন বার্তা

পাঠ্যবইয়ে হুবহু অনুবাদের দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান

 সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ে হুবহু অনুবাদের যে অভিযোগ উঠেছে, তা সত্য বলে স্বীকার করে নিয়েছেন বইটির রচনা ও সম্পাদনার সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক হাসিনা খান | 


দায় স্বীকার করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে ২০২৩ সালে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিজ্ঞান পাঠ্যপুস্তক ছাপা হয়েছে এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সম্প্রতি সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইটির ব্যাপারে একটি অভিযোগ তাদের নজরে এসেছে।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই বইয়ের কোনো কোনো অধ্যায়ের অংশবিশেষ ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে নিয়ে হুবহু অনুবাদ করে ব্যবহার করা হয়েছে। বইয়ের এই নির্দিষ্ট অংশটুকু এবং ওয়েবসাইটটির একই লেখাটুকু তুলনা করে অভিযোগটি আমাদের কাছে সত্য বলেই প্রতীয়মান হয়েছে।


বিবৃতিতে তারা বলেন, ‘একই পাঠ্যপুস্তক রচনার সঙ্গে অনেকে জড়িত থাকেন, যাদের শ্রম ও নিষ্ঠার ফলাফল হিসেবে বইটি প্রকাশিত হয়। বিশেষত জাতীয় পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে এই সব লেখকের কাছ থেকেই একধরনের দায়িত্বশীলতা আশা করা হয়। সেখানে কোনো একজন লেখকের লেখা নিয়ে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা আমাদের টিমের জন্য হতাশার এবং মন খারাপের কারণ হয়। ওই অধ্যায়ের আলোচিত অংশটুকু লেখার দায়িত্বে আমরা দুজন না থাকলেও সম্পাদক হিসেবে এর দায় আমাদের ওপরও বর্তায়, সেটি আমরা স্বীকার করে নিচ্ছি। অবশ্যই পরবর্তী সংস্করণে বইটির প্রয়োজনীয় পরিমার্জন করা হবে।’

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

ঢাবি ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল থেকে, এবার চার ইউনিটে

ঢাবি ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল থেকে, এবার চার ইউনিটে

ঢাবি ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল থেকে, এবার চার ইউনিটে

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা শেষ হবে ১৩ মে।


এবারের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে, যা এত দিন পাঁচটি ইউনিটের অধীন হয়ে এসেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষাকে এখন থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে অভিহিত করা হবে।


আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এসব বিষয় চূড়ান্ত হয়। গত বছরের প্রথম ভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন (২০২২-২৩) শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার ইউনিটগুলোর নাম হচ্ছে—বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সাধারণ ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার এ তারিখই চূড়ান্ত। আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে মিল রেখে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এখন থেকে এই পরীক্ষাকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা বলা হবে। তবে ডিগ্রির নাম (বিবিএ, বিএসএস, বিএ, বিএসসি) অপরিবর্তিত থাকবে।



মাকসুদ কামাল বলেন, ‘এত দিন আমরা বলতাম, স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। যখন বিভিন্ন কলেজ থেকে স্নাতক পাস করে বা ডিগ্রি পর্যায় থেকে এসে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতেন, তখন যাঁরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়া ব্যক্তিদের আলাদা করার জন্য বা তাঁদের প্রতি বিশেষ মনোযোগের জন্য স্নাতক (সম্মান) শব্দটা ব্যবহার করা হতো। এখন আন্তর্জাতিকভাবে এই ডিগ্রিকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম বলা হয়। আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে মিল রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ও এখন থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে অভিহিত করবে।’



 ট্রান্সজেন্ডার-হিজড়াদের বিশেষ সুবিধার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ট্রান্সজেন্ডার বা হিজড়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভবিষ্যতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, সভায় ট্রান্সজেন্ডার বা হিজড়াদের ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার একটি সুপারিশ আসে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাঁদের কীভাবে সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে পরবর্তী সময় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ট্রান্সজেন্ডার বা হিজড়াদের ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশটি সাধারণ ভর্তি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।


উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সভায় অন্যদের মধ্যে এ এস এম মাকসুদ কামাল ছাড়াও সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, অনুষদগুলোর ডিন, ইনস্টিটিউটগুলোর পরিচালক, হলগুলোর প্রাধ্যক্ষ এবং বিভাগগুলোর প্রধানেরা উপস্থিত ছিলেন।