ঢাকা: দেশে চলমান অস্থিরতা ও চিনি সংকটের মধ্যে আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন (বিএসআরএ)। খোলা চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১০৭ টাকা হয়েছে।
আর প্যাকেট চিনির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১২ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন দাম।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন (বিএসআরএ)।
বিএসআরএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে চিনি নতুন দামে বিক্রি করা হবে। খুচরা পর্যায়ে খোলা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজিতে বেড়েছে ৫ টাকা। পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে প্রতি কেজি ১০৭ টাকায়; আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১১২ টাকায়।
আন্তর্জাতিক বাজারে কাঁচা চিনির ঊর্ধ্বমুখী মূল্য, ডলারের বর্ধিত বিনিময় হার এবং স্থানীয় শোধনাগারের উৎপাদন খরচ বিবেচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, দেশের চিনির বাজার এখনো অস্থিতিশীল। বাজারে প্যাকেটজাত চিনি নেই। এমনকি ডিলার পর্যায়েও কাঙ্খিত চিনি মিলছে না। আবার স্বর্ণ পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।
তিন মাস আগে গত বছরের নভেম্বরে খুচরা বাজারে চিনির দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১০৭ টাকা এবং খোলা চিনির দাম ১০২ টাকা।



0 coment rios: