বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। নির্বাচনী ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে গতকাল রাত সাড়ে ১০টায় বগুড়া শহরতলীর এরুলিয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন হিরো আলম। সেখানে তিনি ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, ভোট চুরি হয়নি, ফলাফল চুরি হয়েছে। বিচারের জন্য উচ্চ আদালতে যাব।
এদিকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোটের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান হিরো আলম। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান তাকে হাসিমুখে তোলেন। হিরো আলমও মিষ্টিমুখ করেন নির্বাচন কর্মকর্তাকে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন।
এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের ফলাফলের অনুলিপি সংগ্রহ করতে জেলা নির্বাচন অফিসে যান হিরো আলম।
বুধবার বগুড়া-৪ আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী- কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি কেন্দ্রে ৭৮ হাজার ৫২৪টি বৈধ ভোট পড়েছে। এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল) ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন আলম (একতারা) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।
অপরদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম একক তারকা প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ২৭৪ ভোট।



0 coment rios: