রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাপুর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৈতন্নাপুর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে নির্মাণ শ্রমিক। রকিবুল ইসলাম (৩৫) ও নওগাঁর মান্দার সগুনা গ্রামের মো. আব্দুস সামাদ পুত্র মো. রেজাউল করিম (৪৬)। তারা নগরীর বোয়ালিয়া মডেল থানার তেরখাদিয়া ডাবতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ওই দুই শ্রমিক বাড়ির মালিক আবদুল্লাহর কাছ থেকে টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন।
দুই নির্মাণ শ্রমিক টাকা চুরির অভিযোগ অস্বীকার করলেও বাড়ির মালিক ও তার লোকজন তাদের দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। খবর পেয়ে বিসিক শিল্প নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক রেজাউল করিমকে মৃত ঘোষণা করে রকিবুল ইসলামকে ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ওসি জানান, মডার্ন ফুডের মালিকের ছেলে আবদুল্লাহ (৩৮), আবদুল্লাহর শ্বশুর মাসুম রেজা (৫০), খালাতো ভাই মহিউদ্দিন রিয়াল ও ম্যানেজার এমরান হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। .



0 coment rios: